চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তাররা অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ডবলমুরিং থানার মো. ইউসুফ (৫১), মো. নুর ইসলাম প্রকাশ রিপন (২০), মো. রিফাত (১৯) ও মো. ইয়াসিন আরাফাত (১৯) অন্যতম। এছাড়া বাকলিয়া থানার মো. কামাল (৪২), ইমন (২৭) ও মো. তারেক (৩৪), পাঁচলাইশ থানার মো. রুবেল (২৫), মো. আব্দুল্লাহসহ (২০) অন্যান্য আসামিদের বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এছাড়া আনোয়ারা থানার বারশত ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ জালাল (২৬) এবং সোনাগাজী থানার চর মজলিসপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার খায়ের (৪২) গ্রেপ্তারদের তালিকায় রয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগর পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।