তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামী দুই দশক তরুণরা দেশের রাজনীতিকে প্রভাবিত করবে। তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। যে তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সেই তরুণদের প্রতিনিধিত্ব প্রয়োজন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, তা অনেকটাই তরুণদের ওপর নির্ভর করবে। যে সরকার কিংবা রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করবে, তারাই সফলতা পাবে।’
নাহিদ বলেন, ছাত্রদের দেশের কল্যাণে ইতিবাচক রাজনীতি করতে হবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের গড়ে তুলতে হবে।
উপদেষ্টা জানান, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং জনগণের বিপক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদেরও দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।
আলোচনা পর্ব শেষে তারুণ্যের উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য নাজমুল আমীনের লেখা ‘জুলাই ম্যাসাকার’ কবিতার আবৃত্তির ভিডিও প্রদর্শিত হয়। এরপর তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ দেখানো হয়।