বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে নামকরণ করা ১০ প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে শাহবাগের ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক’ করার সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির চতুর্থ করপোরেশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর-সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালনা কমিটির ২৫ জন সদস্যের মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত হয়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের আগেই বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোলসমূহ মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত সরকারে সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে নামকরণকৃত ১০টি প্রতিষ্ঠান/স্থাপনার নাম পরিবর্তন করে আগের নাম বহাল এবং কয়েকটি স্থাপনা/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়।’
জানা গেছে, রায়েরবাজার স্লুইসগেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ থেকে পরিবর্তন করে আগের নাম ‘ইনার রিং সড়ক’, কামরাঙ্গীরচরের ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘ঝাউচর প্রধান সড়ক’, কামরাঙ্গীরচরের ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণি’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘কামরাঙ্গীরচর লোহারপুল- বুড়িগঙ্গা সড়ক’, কলাবাগানের ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘কলাবাগান শিশু পার্ক’, যাত্রাবাড়ীর ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’ করার সুপারিশ করা হয়।
এ ছাড়া কামরাঙ্গীরচরের লোহারপুলের ‘মেয়র শেখ তাপস সেতু’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘কামরাঙ্গীরচর ব্রিজ’, শাহবাগের ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক’, ধূপখোলার ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, গে-ারিয়ার ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘শরাফতগঞ্জ পার্ক’, কামরাঙ্গীরচরের ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’- এর নাম পরিবর্তন করে আগের নাম ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ করার সুপারিশ করা হয়।