সাত দিনের মধ্যে আহতদের দাবি মানার আশ্বাস

জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনরা তিন দফা দাবিতে গতকাল বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড় থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচি পালন করেছেন। পরে তারা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন লং মার্চকারীরা। তারা বলেছেন, আগামী সাত দিন তারা কোনো কর্মসূচি দেবেন না।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে তারা লং মার্চ শুরু করেন। তারা শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে যান।

আলোচনায় অংশ নেওয়া আহতদের একজন রনি মিয়া জানান, গতকাল দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সাতজনের একটি প্রতিনিধিদল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে প্রান্তিক এলাকার আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করার বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একমত হয়েছেন। অন্য দুটি দাবি তারা পর্যালোচনা করে দেখবেন বলে জানিয়েছেন। এজন্য সাত দিন সময় নিয়েছেন তারা। এ সময় পর্যন্ত আর কোনো কর্মসূচি দেওয়া হবে না।

লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেছেন, সরকার ‘এ’, ‘বি’, ‘সি’Ñ এ তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। ‘সি’ ক্যাটাগরিতে ‘এ’ ও ‘বি’-এর মতো সুবিধা রাখা হয়নি। এটি খুবই বৈষম্যমূলক।

লং মার্চকারীদের দাবি, আহত সবাইকে ‘এ’ বা ‘বি’ ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। ক্যাটাগরি হবে দুটিÑ আহত ও গুরুতর আহত। আহত সবাইকে সরকারি ভাতার আওতায় আনতে হবে।