ঢাকার অদূরে সাভার উপজেলার আশুলিয়ায় অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। তার নাম শারমিন আক্তার (৩৫)। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শারমিনের শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে গত শনিবার রাতে সাভারের ওই বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার (৩২) মারা যান। এর প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর গত রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাই সুমন রহমান (৩০)। সাভারের এ ঘটনায় দগ্ধ আরও আটজন চিকিৎসাধীন আছেন।