ঝিনাইদহ সদরে স্কুলে ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ার অভিযোগে শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, গত সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে চাল পড়া খাওয়ানোর ঘটনা ঘটে। ঘটনার দুদিন পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, গত সোমবার দুপুরে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে ২ হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়াগায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে কবিরাজের কাছ থেকে চাল পড়া নিয়ে সকল ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, ম্যাডামের ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ায় তিনি চাল পড়া নিয়ে আসেন। পরে সেই চাল সকল ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়।
স্থানীয় হারুন জানান, শিক্ষিকার টাকা হারানোর ঘটনা নিয়ে ছাত্র-ছাত্রীদের চাল পড়া খাওয়ানো হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষিকার টাকা হারিয়ে গেলে তিনি জোরপূর্বক শিক্ষার্থীদের চাল পড়া খাইয়েছেন। এতে কোমলমতি শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়। অনেকেই ভয়ে স্কুলে যেতে চাইছে না। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবকরা খোঁজ খবর নিতে স্কুলে গেলেও ওই শিক্ষিকাকে পাওয়া যায়নি। একজন শিক্ষকের এমন কাজ করা ঠিক হয়নি।
এ বিষয়ে শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি জানান, টাকা চুরির ঘটনায় অন্য সহকর্মীদের সাথে আলাপ করে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়। তবে সে চাল পড়া ছিল না।
পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফজিলা পারভীন বলেন, শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর বিষয় আমি শুনেছি। তবে সেটি কবিরাজের কাছ থেকে আনা কিনা জানি না।
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা জানান, এমন খবর লোক মুখে জানতে পারছি। পরে সেখানে শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।