ভারতের সঙ্গে বাণিজ্য আগের পর্যায়ে পৌঁছে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আগের পর্যায়ে পৌঁছে গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে এখনও কিছু টানাপোড়েন থাকলেও, ওয়ার্কিং রিলেশনের ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ওমানে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় তৌহিদ হোসেনের। তখন জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও উল্লেখ করেন তৌহিদ হোসেন।