নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে চুলার আগুনে পুড়িয়ে হত্যার পর নিজের মাকেও পিটিয়ে হত্যার অভিযোগে গৃহবধূকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সদর উপজেলার নুন গোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের খোদা বক্সের স্ত্রী হোসনে আরা বেগম (৬৫) ও তার নাতনি আশরাফী খাতুন।
নিহতের ছেলের বৌ নিলুফার জানান, আমার শ্বাশুড়ি বাবার বাড়িতে ছিলেন। ফোনে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি আমার ননদ শান্তা (৩১) শিশু সন্তান আশরাফীকে চুলার আগুনে পুড়িয়ে হত্যার পর মাকেও আগুনযুক্ত কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
তবে নিহত হোসনে আরার আরেক মেয়ের স্বামী সোহাগ জানান, তার শ্যালিকা শান্তা খাতুনের আগে একটি বিয়ে হলেও বেশিদিন টেকেনি। দ্বিতীয় স্বামীর বাড়িতে যাওয়ার পর থেকে শ্বশুরবাড়িতে নানা সমস্যা ছিল। সেখান থেকে মানসিকভাবে অসুস্থ ছিল শান্তা। এরই ধারাবাহিকতা এমন ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, অভিযুক্ত শান্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, মানসিক ভারসম্যহীন নারী তার নিজ সন্তান ও মাকে হত্যা করেছে বলে জানতে পেরেছি। অধিকতর তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।