শ্রদ্ধা জানাতে একুশের স্মৃতির মিনারে মানুষের ঢল

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ। ২১ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় মানুষের ঢল।

মাতৃভাষার জন্য জীবন দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল আর ব্যানার নিয়ে একুশের স্মৃতির মিনারে ঢল নেমেছে মানুষের। বুকে কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার, হাতে ফুল নিয়ে নিয়ে পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন শহীদ মিনারের দিকে।

এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টারর পর পর একে একে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রধান ও কর্মকর্তারা।

এরপর শ্রদ্ধা নিবেদন শুরু হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও। অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাভরে জাতি স্মরণ করছে মাতৃভাষা বাংলার মর্যাদার লড়াইয়ে প্রাণ দেওয়া একুশের শহীদদের। সবার প্রত্যাশা, সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ প্রয়োগই হবে ৫২-র ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।