২০ দিনে এসেছে ১৯১০ নতুন বই

দেখতে দেখতে অমর একুশে বইমেলার ২০তম দিন শেষ হয়েছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যেও এবারের বইমেলায় দর্শনার্থীদের পদচারণা বাড়ছে বইমেলা প্রাঙ্গণে। এই ২০ দিনে ১ হাজার ৯১০টি নতুন বই এসেছে। গতকাল বৃহস্পতিবার অমর একুশে বইমেলার তথ্যকেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে গতকাল বইমেলায় নতুন সংযোজিত বইয়ের সংখ্যা ১১২টি।

বইমেলায় এখন পর্যন্ত প্রকাশিত বইগুলোর মধ্যে সর্বাধিক এসেছে কবিতার বই। বইমেলায় এ পর্যন্ত ৬০০-এর অধিক কবিতার বই প্রকাশিত হয়েছে। তবে বিক্রির ক্ষেত্রে পাঠকদের অপছন্দের তালিকায় অন্যতম হলো কবিতার বই। কবিতার বইয়ের মান কমে যাওয়ায় পাঠকরা আগ্রহ হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে মেলায় দর্শনার্থীদের পছন্দের বইয়ের মধ্যে উপন্যাস, থ্রিলার, সাহিত্য, অনুবাদধর্মী বই উল্লেখযোগ্য।

লেখক-প্রকাশকদের মতে, বইমেলা মানুষের পদচারণায় মুখরিত থাকলেও বই কিনতে আসা পাঠকের সংখ্যা তুলনামূলক কম। দর্শনার্থীরা মেলায় এসে খুব কমই বই কিনছেন। তারা আসছেন, ছবি তুলছেন, পরে চলে যাচ্ছেন। ফলে বইমেলায় কাক্সিক্ষত পাঠকের উপস্থিতি কম লক্ষ করা গেছে। তাদের মতে, প্রতিনিয়ত নতুন নতুন বই এলেও পুরাতন বইয়ের প্রতি আগ্রহ বেশি। পাঠক নতুন বই কিনছেন, তবে পুরাতন সাহিত্য, উপন্যাস, থ্রিলার ও অনুবাদধর্মী বইগুলো তারা বেশি পছন্দ করছেন।

মেলায় ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিক বলেন, বইমেলায় বেশ কয়েকবার আসা হয়। বন্ধুরা আসে বা পরিবারের সদস্যরা এলে তাদের নিয়ে ঘুরি। সবসময় তো আর বই কেনা হয় না। তবে প্রতি বছর বইমেলা থেকে বই কিনি।

রাজধানীর বারিধারা থেকে আসা দর্শনার্থী সিনথিয়া আক্তার বলেন, বান্ধবীদের সঙ্গে ঘুরতে এসেছি। এর আগে একদিন এসে বই কিনেছিলাম দুটি। অনেক নতুন বই আসছে দেখেছি। শেষদিকে এসে আবার দুয়েকটা বই কিনব।

এক প্রকাশক বলেন, বইমেলায় অনেক নতুন বই আসছে। দর্শনার্থীরা এসে বই দেখছেন, অনেকে কিনছেনও। তবে নতুন বইয়ের চেয়ে তাদের পুরাতন বইয়ের প্রতি বেশি ঝোঁক লক্ষ করেছি। নতুন কিছু বই মানসম্মত হলেও বেশ কিছু মানসম্মত না হওয়ায় পাঠক আগ্রহ দেখাচ্ছেন না।

আজ রাত ১২টা ৩০ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হবে। বইমেলা শুরু হবে সকাল ৭টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা-২০২৫।