হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি শুরু

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’ আওতায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিবিধ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে সপ্তাহব্যাপী (২০ থেকে ২৬ ফেব্রুয়াারি) সরকার ঘোষিত নীরব এলাকায় সচিবালয়ের চতুর্দিকে (শিক্ষা ভবন মোড়, জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা) এবং আগারগাঁও এলাকায় (শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বাংলাদেশ বেতার মোড় এবং নিউরোসায়েন্স হাসপাতালের সামনে) জনসচেতনতামূলক ‘নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় সচিবালয়ের সামনের সড়কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন।

রাজধানীর সচিবালয় এবং আগারগাঁও এলাকাকে অনেক দিন আগে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হলেও কার্যত বাস্তবায়ন করা যাচ্ছে না। আইনের যথাযথ প্রয়োগ এবং জনসচেতনতার মাধ্যমে নীরব এলাকাকে শব্দদূষণমুক্ত রাখা সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুসারে নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ থাকলেও সরকার জনসচেতনতার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞপ্তি