বাংলাদেশ ম্যাচে শুবমানকে বিশেষ বার্তা পাঠান গম্ভীর

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ২২৯ রান তাড়া করতে নেমে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। ১৪৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারতের জন্য সেটা খুব বেশি দুশ্চিন্তার কারণ না হলেও কিছুটা চাপ তো ছিলই। সেই অবস্থায় ১২৯ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন শুবমান। অপর প্রান্তে উইকেট পড়লেও তিনি ধৈর্য হারাননি।

শুবমান গতকাল নিজের স্বাভাবিক খেলাটা খেলেননি। বরং দলের প্রয়োজনে উইকেট আঁকড়ে ছিলেন। ১২৬ বলে সেঞ্চুরি করেছেন। ২০১৯ সালের পর আইসিসি টুর্নামেন্টে এটি কোনো ভারতীয় ব্যাটারের করা সবচেয়ে মন্থর সেঞ্চুরি। আসলে কোচের নির্দেশ মেনেই এভাবে ব্যাটিং করেছেন শুবমান। রান তাড়া করার সময় ড্রেসিংরুম থেকে তাকে বিশেষ বার্তা পাঠিয়েছিলেন গৌতম গম্ভীর।

ম্যাচ শেষে শুবমান বলেন, ‘একটা সময় আমরা চাপে পড়ে গিয়েছিলাম। তখন ড্রেসিংরুম থেকে বার্তা পাঠানো হয় যে, আমাকে শেষ পর্যন্ত ব্যাট করতে হবে। সেটাই করেছি। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। কোনো আইসিসি টুর্নামেন্টে এই প্রথম সেঞ্চুরি করলাম। নিজের খেলায় আমি খুব খুশি।’

দুবাইয়ের উইকেটে রান তাড়া করা যে সহজ হবে না সেটা ব্যাট করতে নেমেই বুঝে গিয়েছিলেন শুবমান। তাই পরিকল্পনা বদল করতে হয়েছিল, ‘আমি আর রোহিত ভাই ব্যাট করতে নেমে বুঝতে পেরেছিলেন কাট-পুল খেলা সহজ হবে না। উইকেটে পড়ে বল আরও মন্থর হচ্ছিল। তাই পেসারদের বিপক্ষে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলছিলাম। স্পিনারদের বিপক্ষে সামনের পায়ে খেলতে সমস্যা হচ্ছিল। তাই আমি আর বিরাট ভাই ঠিক করি, যতটা পারব পিছনের পায়ে খেলব। সিঙ্গেল-ডাবলসে জোর দিয়েছিলাম। নাহলে চাপ আরও বেড়ে যেত।’