চৌদ্দগ্রামে শহীদ মিনার ভেঙেছে দুর্বৃত্তরা

কুমিল্লায় চৌদ্দগ্রামে গভীর রাতে একটি কলেজের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা। 

কলেজ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে কলেজের শিক্ষকরা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, ফুল দেওয়ার পর আমরা চলে যাওয়ার পরই গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজন এ কাজের সাথে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।