শুটিংয়ের ফাঁকে বিয়ের প্রস্তাব, অভিনেত্রী রাজি

কোরীয় কমেডি জুটি কিম জুন হো ও কিম জি মিন আগামী জুলাই মাসে বিয়ে করছেন। গত শুক্রবার হাতে লেখা একটি চিরকুট ইনস্টাগ্রামে পোস্ট করেন কিম জি মিন। তিনি লেখেন, ‘আমরা একসঙ্গে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছি। জুলাইয়েই বিয়ের পরিকল্পনা।’

গত ডিসেম্বরে শুটিংয়ের ফাঁকে কিম জি মিনকে বিয়ের প্রস্তাব দেন কিম জুন হো। অভিনেত্রী তাতে সম্মতি দেন। তিনি বলেন, ‘আমরা দারুণ আনন্দে দিন কাটাচ্ছি। আমাদের পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।’ অভিনেত্রীর ভাষ্যে, কমেডি জুটি হিসেবে বিয়ের আয়োজনেও মজার কিছু থাকবে।

২০২২ সালের এপ্রিলে দুজনের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এসেছিল। কিম জি মিন বলেন, আমাদের সম্পর্ক প্রকাশ্যে আসার পর তিন বছর হয়ে গেছে। আমরা একসঙ্গে অনেক কিছুর মধ্য দিয়ে গেছি, এবং প্রতিটি মুহূর্তে একে অপরের ওপর নির্ভর করতে এবং বিশ্বাস করতে বাধ্য হয়েছি।’

এসবিএসের ভ্যারাইটি শো ‘মাই লিটল ওল্ড বয়’সহ বেশ কয়েকটি শোতে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। ২০০৬ সাল থেকে কমেডি করছেন কিম জি মিন। আর ১৯৯৬ সালে কমেডিয়ান হিসেবে অভিষেক ঘটে কিম জুন হোর। ২০০৬ সালে এক মঞ্চ অভিনেত্রীকে বিয়ে করেছিলেন কিম জুন হো। ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের।