শেরপুর মাদক নিয়ন্ত্রণ অফিসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান থাকলেও তা পালন করেনি শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শেরপুর পৌর শহরের খরমপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কার্যালয়ে এই ঘটনা ঘটে। অফিস কর্তৃপক্ষ বলছে- ভুলবশত এটা হয়েছে। জেলা প্রশাসক বলছেন- মাদকদ্রব্য অফিস এটা করতে পারে না।

জানা যায়, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। এদিন সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি তথ্য বিবরনীতে বলা হয়েছে, পতাকা অর্ধনমিত রাখার সময় মনে রাখতে হবে অর্ধনমিত অবস্থায় উত্তোলনের প্রাক্কালে পতাকাটি পুরোপুরি উত্তোলন করে অর্ধনমিত অবস্থানে আনতে হবে। কিন্তু শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে পতাকা অর্ধনমিত না রেখে পতাকাটি পুরোপুরি উত্তোলন করে রাখা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সাংবাদিকদের বিষয়টি অবগত করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমরা অনেক সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের জাতীয় পতাকা বন্ধের দিনেও উত্তোলিত অবস্থায় দেখতে পাই। এটা জাতীয় পতাকার অবমাননা ছাড়া কিছুই নয়। তাই আমরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক শাকিল আহাম্মেদ দেশ রূপান্তরকে বলেন, আমি ছুটিতে আছি। সঠিকভাবে পতাকা উত্তোলনের ব্যাপারে আমি নির্দেশনা দিয়ে এসেছি। কিন্তু তারা তা করেনি। বিষয়টি দেখছি।

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান দেশ রূপান্তকে বলেন, দপ্তর প্রধানের এই ব্যাপারে দায়িত্ব রয়েছে। আমি খোঁজ নিয়ে দেখি। এই কাজ তারা করতে পারেন না।