মেসির কাছে অটোগ্রাফ চেয়ে শাস্তির মুখে রেফারি

লিওনেল মেসির কাছে অটোগ্রাফ চাওয়ায় শাস্তি পেয়েছেন মেক্সিকান রেফারি মার্কো আন্তনিও ওরতিজ নাভা। কনক্যাকাফের আচরণবিধি লঙ্ঘন করায় তাকে শাস্তি দেওয়া হয়েছে, যদিও শাস্তির ধরন প্রকাশ করা হয়নি।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে ইন্টার মায়ামি স্পোর্টিং কানসাস সিটিকে ১-০ গোলে হারায়, যেখানে গোল করেন মেসি। ম্যাচ শেষে রেফারি মেসির কাছে তার পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন এক সদস্যের জন্য অটোগ্রাফ চান, যা কনক্যাকাফের নিয়মবহির্ভূত বলে মনে করা হয়।

কনক্যাকাফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘তদন্তের পর নিশ্চিত হওয়া গেছে, রেফারি পরিবারের এক সদস্যের জন্য মেসির অটোগ্রাফ চেয়েছিলেন। তবে এটি ম্যাচ অফিশিয়ালদের আচরণবিধির পরিপন্থী। তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন।’

স্পোর্টিং কানসাস সিটি বিষয়টি এমএলএস ও কনক্যাকাফকে জানিয়েছে এবং পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

প্রথম লেগের ম্যাচটি তীব্র ঠান্ডার কারণে ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হওয়া ম্যাচের পর ফিরতি লেগ হবে মঙ্গলবার, যেখানে ইন্টার মায়ামি ফ্লোরিডায় নিজেদের মাঠে কানসাস সিটির মুখোমুখি হবে।