শেষ ষোলোতেই মাদ্রিদ ডার্বি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো রাউন্ডের ড্র হয়েছে গতকাল। সুইজারল্যান্ডের নিওনে হাউজ অব ইউরোপিয়ান ফুটবলে ড্র অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্লে-অফ পর্বে ম্যানসিটিকে হারিয়ে উঠে শেষ ষোলোতে। এবার শেষ ষোলো রাউন্ডে রিয়াল মুখোমুখি হবে চেনা প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের। অর্থাৎ শেষ ষোলো রাউন্ডেই দেখা যাবে মাদ্রিদ ডার্বি। স্পেনের আরেক ক্লাব বার্সেলোনা এবার লিগ পর্ব শেষ করে দ্বিতীয় স্থানে থেকে। শেষ ষোলোতে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে।

এবারের লিগ পর্বে বেনফিকার মাঠে খেলতে গিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে বার্সেলোনা জিতেছিল ৫-৪ গোলে। তাই শেষ ষোলোতে এই দুই দলের লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। ২০১৪ ও ২০১৬ সালে ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ২০১৮-১৯ উয়েফা সুপার কাপেও হয়েছিল মাদ্রিদ ডার্বি। চ্যাম্পিয়নস লিগে সবশেষ এই দুটি দল মুখোমুখি হয়েছে ২০১৬-১৭’র সেমিফাইনাল পর্বে।

শেষ ষোলোতে মাদ্রিদ ডার্বি ছাড়াও দেখা যাবে জার্মান ডার্বি। বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিজ দেশেরই ক্লাব বায়ার লেভারকুজেনকে। গেল মৌসুমে বায়ার্নকে পেছনে ফেলে লিগ শিরোপা জিতেছিল জাবি আলোনসোর দল।

ইংলিশ ক্লাব লিভারপুল লিগ পর্বে দারুণ করে ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে শেষ ষোলোতে পরীক্ষায় পড়তে যাচ্ছে তারা। ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে অলরেডরা। পিএসজি এবার লিগ পর্বে ভালো অবস্থানে ছিল না। সেই কারণেই শেষ ষোলোতে লিভারপুলের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হলো লুইস এনরিকের দলকে। লিভারপুল-পিএসজি এই প্রথম চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে। এই দুটি দল চ্যাম্পিয়নস লিগে এর আগে মুখোমুখি হয়েছিল ২০১৮-১৯ টুর্নামেন্টের গ্রুপপর্বে।

এবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো পর্বে এই চার ম্যাচেই বেশি নজর থাকবে ফুটবলপ্রেমীদের। এছাড়া আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডাচ ক্লাব পিএসভিকে। আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। প্রতিযোগিতায় টিকে থাকা একমাত্র ইতালিয়ান ক্লাব ইন্তার মিলানের খেলতে হবে ফিয়েনুর্দের বিপক্ষে। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড খেলবে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে।

লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। তাই শেষ ষোলোর পর কে কোন পথে ফাইনালে যেতে পারে, তাও নির্ধারিত হয়ে গেছে। ড্রয়ের পর দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা যদি নকআউটের বাকি সব পথ পাড়ি দিতে পারে তবে ফাইনালে দেখা হবে এই দুই দলের। অর্থাৎ এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হতে পারে এল ক্লাসিকো।

একই দিনে অনুষ্ঠিত হয়েছে ইউরোপা লিগের শেষ ষোলো রাউন্ডের ড্রও। শেষ ষোলোতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটে খেলবে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে। আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এজেড আলকামারকে। স্কটিশ ক্লাব রেঞ্জার্স মুখোমুখি হবে ফেনারবাচের। তুর্কি ক্লাব ফেনারবাচের কোচ দ্য স্পেশাল ওয়ান বলে খ্যাত হোসে মরিনহো। এছাড়া আয়াক্স খেলবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। ইউরোপা লিগের শেষ ষোলোর বাকি ম্যাচগুলো হলো গ্লিম্ট-অলিম্পিয়াকোস, প্লাজেন-লাৎসিও, রোমা-আথলেটিক বিলবাও, ও লিও-এফসিএসবি।