চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের ছয় বছর

নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থার ৭ দাবি

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের ছয় বছর হয়েছে। গতকাল শুক্রবার শোকাবহ দিনটি স্মরণে সকালে চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে সমবেত হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন দাবি দাওয়া গণমাধ্যমের সামনে তুলে ধরে। তাদের অভিযোগ, আসামিরা যাতে মুক্তি পায়-সেভাবেই কৌশলে দায়ের করা হয়েছে মামলাগুলো। এজন্য, অন্তর্বর্তী সরকারের কাছে পুনঃতদন্ত দাবি করেন ভুক্তভোগীরা।

চুড়িহাট্টা অগ্নিকান্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থার সাত দাবিগুলোর মধ্যে রয়েছেÑ অগ্নিকা-ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিভিন্ন ব্যাংক থেকে আসা রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে গচ্ছিত রাখা ৩০ কোটি টাকা পরিবারগুলোকে বুঝিয়ে দিতে হবে; রাষ্ট্র পক্ষ হতে করা মামলাটির চার্জশিটে যা উল্লেখ করা হয়েছে তা পুরোপুরি আসামিপক্ষকে বাঁচানোর জন্যই করা হয়েছে। মামলাটি পূর্বক পুনরায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)- এর মাধ্যমে তদন্তের জন্য অনুরোধ জানানো হয়; রাষ্ট্রপক্ষের নিয়োগ দেওয়া সাবেক আইনজীবী একজন ব্রোকার ছিলেন। তিনি সাক্ষীগণের কাছ থেকে অর্থ দাবি করেন এবং সাক্ষীগণের সামনেই আসামিপক্ষ হতে মোটা অংকের টাকা দাবি করেন। চার্জশিটের উল্লেখ করা লেখাগুলোই জোরপূর্বক সাক্ষীগণকে বলার জন্য বলেন এবং আরও বলেন, লেখা অনুযায়ী না বললে মামলায় হেরে যাবেন। নিরপেক্ষ একজন আইনজীবী নিয়োগ করতে হবে; কালক্ষেপণ না করে মামলাটি দ্রুত পরিচালনা করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।