রিয়ালের বিপক্ষে লড়াইয়ে আমরা প্রস্তুত: সিমিওনে

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে আতলেতিকো মাদ্রিদ। টুর্নামেন্টের বর্তমান শিরোপাধারী ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে হারানো সহজ বিষয় নয়- সেটা ভালোই জানেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। তবু তিনি ছাড়লেন রণহুংকার।

গতকাল শুক্রবার শেষ ষোলোর ড্রয়ের পর ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘আমি (রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে) কেবল একটি প্রশ্নের উত্তর দেব... আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। দারুণ লড়াই হবে এবং আমরা প্রস্তুত।’

চলতি মৌসুমে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেয় আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদকে অবশ্য প্লে-অফের বাধা পেরিয়ে নকআউটে আসতে হয়েছে। পয়েন্ট টেবিলে মাদ্রিদের এই দুই দলের মধ্যে ব্যবধান কেবল ১ পয়েন্টের। তারা আছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। এবারের লিগে দুবারের দেখায় একবারও আতলেতিকোকে হারাতে পারেনি কার্লো আনচেলত্তির দল।