প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের আশায় ইমরুল

আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। প্রায় সব দলই এবার নিজেদের নতুন করে সাজিয়েছে। তবে রাজনৈতিক প্রভাবের কারণে শক্তিশালী দল গঠনের যে প্রবণতা আগের আসরগুলোতে দেখা গেছে, এবার তা হয়নি বলে মনে করেন ইমরুল কায়েস। 

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার জন্য নিজের নাম নিবন্ধন করতে এসে ইমরুল গণমাধ্যমে বলেন, ‘এবার সব দলই ব্যালেন্সড। নির্দিষ্ট কোনো দলেই সব তারকা ক্রিকেটার নেই। প্রতিটি দলই ভালো কম্বিনেশন গড়েছে। তাই মনে হচ্ছে, এবার লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ 

চলতি আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক তুলনামূলক কম। তবে ইমরুল মনে করেন, এটি সাময়িক সমস্যা এবং আগামী মৌসুম থেকে পরিস্থিতির উন্নতি হবে। ‘আর্থিক দিক থেকে ক্রিকেটাররা কিছুটা পিছিয়ে গেছে। তবে দিনশেষে সবাইকে খেলতেই হবে। তাই সবাই এক বছর ম্যানেজ করার চেষ্টা করছে, যেন পরের বছর থেকে সব ঠিক হয়ে যায়,’—বলেন ইমরুল। 

ডিপিএলের বড় একটি অংশ রোজার মধ্যে পড়ায় অনেক ক্রিকেটার রোজা রেখেই খেলেন, আবার ক্লান্তির কারণে কেউ কেউ রাখতে পারেন না। এ বিষয়ে ইমরুল বলেন, ‘প্রতি বছরই রোজার মধ্যে খেলা হয়। ক্রিকেটাররা চাইলে হয়তো একটু আগেপিছে করলে তারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে ও রোজা রাখতে পারবে। আশা করি, বিসিবি বিষয়টি দেখবে।’