এবার ওটিটিতে ‘শ্যামা কাব্য’

এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলো ‘শ্যামা কাব্য’। এর মাধ্যমে ঘরে বসেই এখন দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাবেন।‘শ্যামা কাব্য’ নির্মাণ করেছেন মেধাবী চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই।

 সিনেমাটি যৌথ প্রযোজনা করেছেন পরিচালক বদরুল আনাম সৌদ ও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। এ সিনেমার সঙ্গীত পরিচালনায় ছিলেন ইমন সাহা। 

প্রেম ও বিরহের গল্প কেন্দ্র করে নির্মিত ‘শ্যামা কাব্য’ সিনেমা। গল্প এগিয়ে গেছে শ্যামা ও আজাদ নামের দুটি চরিত্রকে কেন্দ্র করে। সিনেমায় দেখা যায়, ওসমান নামের একজনকে বড় ভাই বলে মানেন আজাদ। কিন্তু তার সঙ্গেই পরকীয়ায় জড়িয়ে পড়েন আজাদের স্ত্রী। এটি আজাদ জানতে পারলে নীতুকে ডিভোর্স দেন আজাদ। এরপর ডিপ্রেশনে ভুগতে শুরু করেন।
 
এক সময় ডিপ্রেশন থেকে বাঁচতে আজাদ একদল টুরিস্টের সঙ্গে সুন্দরবন ভ্রমণে বের হন। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় শ্যামা নামের একটি মেয়ের। সেখানে ‘প্রাচীন এক অভিশাপ’এর সঙ্গে জড়িয়ে ফেলেন নিজেকে। 


 এই সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, সুভাশিষ ভৌমিক, মীর রাব্বি, এ কে আজাদ সেতু, রিমি করিম, ইকবাল হোসেন প্রমুখ। ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাবে ‘শ্যামা কাব্য’। জনপ্রিয় এ প্লাটফর্মটিতে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে সিনেমাটি মুক্তি দেয়া হয়।