দীর্ঘ ১৬ বছর পর মুক্ত পরিবেশে জনসমাবেশ করছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। এছাড়াও বক্তব্য রাখবেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ ও ব্যারিস্টার মীর মো.হেলাল উদ্দিন।
আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি,পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত জনসমাবেশে শনিবার দুপুর থেকে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। বিকেলে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে প্রকম্পিত করেন আনোয়ারাসহ আশপাশের এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের দুঃশাসনে উন্মুক্ত পরিবেশে সভা সমাবেশ করতে পারেননি তারা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই সমাবেশ উৎসবে পরিণত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা।