চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফরে যাবেন। চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ব্যুরোর পক্ষ থেকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ শনিবার বিকেলে ছাত্রদল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ দিনব্যাপী এই সফর শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি, যা শেষ হবে ৬ মার্চ। সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে।

এ সফরে নাছির উদ্দীন নাছির ছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রতিনিধি দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন।