ফেনীর পরশুরামে স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা একে অপরকে লোহার চেয়ার দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে ঘুরে জানা যায়, মির্জানগর ইউনিয়নে গতকাল শুক্রবার পশ্চিম সাহেবনগরে (২১ ফেব্রুয়ারি) মো. আরিফ (৩২) এবং তানবির হোসেনের (২৮) মধ্যে রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় চৌমুড়িতে একটি চায়ের দোকানে এক অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ ও যুবদল নেতা তানভীর।
এ সময় একে অপরকে পিটিয়ে মারাত্মক জখম করেন। আহত দুইজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদের পরশুরাম হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন মাটি কাটাকে কেন্দ্র করে মারামারি হয়েছে।
এছাড়াও দলীয় কোন্দলও রয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন জানান, এটি ওদের পারিবারিক সমস্যা, এবং জায়গা জমিনের সমস্যা, দলীয় কোনো সমস্যা নয়। দলীয় সমস্যা হলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হত।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম সত্যতা নিশ্চিত করে জানান, যুবদলের দুইজন শুক্রবার রাতে লোহার চেয়ার দিয়ে মারামারি হয়। মারামারিতে দুইজন আহত হয়েছে বলে শুনেছি, থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।