‘যারা ক্ষমতায় আসবে তারাই সিদ্ধান্ত নেবে কীভাবে স্থানীয় নির্বাচন হবে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরের প্রত্যন্ত চরাঞ্চল কাঁচিকাটায় বিশাল জনসমাবেশ করেছে বিএনপি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ভেদরগঞ্জ উপজেলার পদ্মা বেষ্টিত চরাঞ্চল কাঁচিকাটা ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় আয়োজিত এই জনসমাবেশে অন্তত পাঁচ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা সভাস্থলকে জনস্রোতে রূপ দেয়।

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ বলেন, সংসদ নির্বাচন সর্বপ্রথম প্রয়োজন। যে দল ক্ষমতায় আসবে, তারাই সিদ্ধান্ত নেবে কীভাবে স্থানীয় নির্বাচন পরিচালিত হবে। এটি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নয়। অচিরেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক এবং সেই নির্বাচন সর্বদলীয়ভাবে অনুষ্ঠিত হোক। একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারাই সংসদ গঠন করবে। যেখানে পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

এ সময় কাঁচিকাটা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মোয়াল্লেম বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএমএ হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান মুকুল, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজহারুল ইসলাম সরদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসমাবেশে আসা নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের শাসনামলে নানা প্রতিকূলতার মুখোমুখি ছিলাম আমরা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। মিছিল-মিটিং করতে পারিনি। মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাবাসের কারণে কোণঠাসা হয়ে পড়েছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা দিয়েছেন। তাই সেই দফাগুলো বাস্তবায়ন চাই।