রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালে নিহতের ভাতিজা আবির হোসেন জানান, তেজগাঁও মধ্য কুনিপাড়া তাদের স্থানীয় বাড়ি। আক্তার হোসেন সেই বাড়িতেই থাকেন। শনিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির শুরু হলে বাহির থেকে বাড়িতে আসছিলেন তিনি। কুনিপাড়া নুরুল ফার্মেসির সামনে এলে একটি নির্মাণাধীন ৫ তলা ভবনের ওপর থেকে একটি ইট আক্তার হোসেনের মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।