রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইব্রাহিম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সিটি ব্যাংকের তেজগাঁও শাখার এসিস্ট্যান্ট অফিসার।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আজমান আব্দুল্লাহ জানান, ওই ব্যক্তি রাজলক্ষ্মী মার্কেটের সামনের রাস্তা হেঁটে পার হচ্ছিলেন। তখন একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে উদ্ধার করে তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
এদিকে, নিহতের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে তার স্ত্রীকে দুর্ঘটনার খবর দেওয়া হয়। স্ত্রী খাদিজা আজাদ জানান, তারা থাকেন খিলক্ষেত নিকুঞ্জ-২ এ। অফিসের কাজে বিকেলে বাসা থেকে বের হয়েছিলে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে। এরপর কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানেন না তিনি।
স্বজন ও সহকর্মীরা জানান, তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বাবার গোলাম কিবরিয়া। তিনি সিটি ব্যাংকের তেজগাঁও শাখার এসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।