‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়’

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, একদিকে তারা নির্বাচন পেছানোর কথা বলছে, অন্যদিকে আবার সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছে। ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল কিন্তু তাতেও তাদের হুশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করা।

গতকাল শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

জয়নুল আবেদীন আরও বলেন, ‘মোদি সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন।’ অন্তর্বতী সরকারের উদ্দেশে তিনি বলেন, তারা নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী প্রমুখ।