বাজার দখলে দলবল নিয়ে মহড়া, যুবদল নেতা বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে রামদা নিয়ে মহড়া দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি বাজার দখল করে চাঁদা তোলার অভিযোগ উঠেছে যুবদলের স্থানীয় এক নেতার বিরুদ্ধে। ওই যুবদল নেতা এখন থেকে বাজারটি নিয়ন্ত্রণ করবেন বলে প্রকাশ্যে ঘোষণাও দেন। এ সময় সেখানে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাজারের ব্যবসায়ী-ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার এমসি বাজারে গতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে সশস্ত্র মহড়ার ওই ঘটনা ঘটে। প্রকাশ্যে চাঁদা তোলার নেতৃত্ব দেওয়া ও নিয়মিত চাঁদা তোলার ঘোষণা দেওয়া ওই যুবদল নেতার নাম মো. জাহাঙ্গীর আলম (৪০)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মোলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। মহড়ার এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে তাকে যুবদলের পদ থেকে বহিষ্কার করা হয়।

সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার সম্পর্কিত একটি নোটিস পাওয়া যায়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে সাংগঠনিক সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।