ডেভিল হান্ট অভিযানে আখাউড়ায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি মো. সুমন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন।  

এর আগে শনিবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্রমিক লীগের সভাপতি মো. সুমন মিয়া নুরপুর এলাকার এলু মিয়ার ছেলে। ডাকাত দলের সদস্যরা হলেন- কসবার বিনাউটির মৃত নুরুল হকের ছেলে আরজু মিয়া (২৮), আখাউড়ার মনিয়ন্দ এলাকার জানু মৃধার ছেলে মো. কাউছার মৃধা (৩৫) ও দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর এলাকার মো. আব্দুল মিয়ার ছেলে খলিল মিয়া (২১)।

ওসি মো. ছমিউদ্দিন বলেন, তাদের ডেভিল হান্ট অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।  উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।