নতুন বাড়ি পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবার

ফেনী সদর ও ফুলগাজী উপজেলার ৮৫টি পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। দুই উপজেলার বন্যার্তদের পুনর্বাসনের জন্য এই বাড়িগুলো তৈরি করে বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দিকনির্দেশনায় বাড়িগুলো ক্ষতিগ্রস্ত পরিবারকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এ সময় ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গত বছর ২১ আগস্ট দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর ফেনীসহ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহ ও আকস্মিক এ প্লাবনে বাড়িঘর, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ সম্পূর্ণ এলাকা তলিয়ে যায়। এতে বিপুলসংখ্যক মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। সেসময় পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি, বস্ত্র, ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করে নৌবাহিনীর উদ্ধারকারী দল। বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে সম্পৃক্ত হয়। 

গত বছর ৯ অক্টোবর এ প্রকল্পের কাজ শুরু হয়। আইএসপিআর জানায়, নবনির্মিত বাড়িগুলো মুন্সীগঞ্জের মতো বন্যাপ্রবণ এলাকার জন্য উপযোগী। বন্যার সময় দেড়তলা বিশিষ্ট এসব বাড়িতেই পরিবার-পরিজন নিয়ে নিরাপদে অবস্থানের সুবিধা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তরাও এসব বাড়ি পেয়ে আনন্দিত।