বিশিষ্ট মাইজভান্ডারি গবেষক শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারি বলেছেন, কুরআন মুত্তাকিনদের পথ দেখায়। আল্লাহর অলীরা হচ্ছেন ঈমানের প্রতীক। আর যার মধ্যে জ্ঞানের গভীরতা, মাটির মতো নম্রতা, মনে উদারতা আছে তিনিই আল্লাহর অলী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে শোকর-এ মওলা মনজিল’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জিকরে শাহানশাহ্, মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আশেকানে হক ভাণ্ডারী, শোকর -এ মনজিলের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্।
উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক মুহাম্মদ আজম, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মনজিলের উপদেষ্টা ডা. পঞ্চানন দাশগুপ্ত। মনজিলের কার্যক্রম সংবলিত ভিডিওচিত্র প্রদর্শন করেন উপদেষ্টা সৈয়দ শফিউল আজিম সুমন। শুভেচ্ছা বক্তব্য দেন জয়নাল আবেদীন তাওরাত ও হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বোধিশ্রী ভিক্ষু।
প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্ বলেন, ইসলাম হলো ভালোবাসা তথা মহব্বত ও মানুষকে আশ্রয় দেওয়ার নাম। যার কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ তিনিই প্রকৃত মুসলমান।
অনুষ্ঠানে শোকর-এ মওলা মনজিল এর নিজস্ব লোগো উন্মোচন করেন অতিথিরা। মাইজভাণ্ডারী সঙ্গীত জগতে অবদান রাখার জন্য ৫ জন বিশিষ্ট শিল্পীকে সম্মাননা স্বরুপ ব্যাচ, উত্তরীয় ও স্মারক প্রদান করা হয়। শিক্ষায় বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় প্রায় ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।মেধাবী শিক্ষার্থীকে উপহার স্বরুপ আর্থিক অনুদান প্রদান করা হয়।