‘সাধারণ মানুষের ওপর ভঙ্গুর অর্থনীতির প্রভাব পড়ছে’

গত বাজেটের বাড়তি ব্যয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি উল্লেখ করে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, সাধারণ মানুষের ওপর ভঙ্গুর অর্থনীতির প্রভাব পড়ছে।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় বাজেট জনগণের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সঠিকভাবে যাকাত দিলে সাধারণ মানুষ অনেকটা সহযোগিতা পাবে। সরকারের উচিৎ সবাইকে সঠিকভাবে যাকাত প্রদানে উৎসাহিত করা। সবাইকে বাড়তি ব্যয় কমিয়ে আনার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, যারা লুটপাট করেছে তাদের বিচার এখনও হয় নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে। শিল্প খাতের উন্নয়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে এর কোনও বিকল্প নেই।

আইবিডবলিউএফ'র সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম হায়দার, বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম, এন বি আর এর সাবেক সদস্য পারসা বেগম ও নাসির উদ্দিন, বারভিডার চেয়ারম্যান ও হকস্ বে অটো মোবাইলস লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি, কাজী এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও আই বি ডব্লিউ এ এফ'র সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজিম।