পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো নেপাল। রবিবার দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনল।
কাবাডিতে এই প্রথম প্রতিযোগিতামূলক কোন ম্যাচে বাংলাদেশকে হারাল নেপাল। এর আগে ১৯৯০ সালে কলকাতায় এক প্রীতি টুর্নামেন্টে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল।
পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে প্রথম পয়েন্ট নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। জমজমাট লড়াইয়ের আভাস মিলে তাদের খেলার ধরনে। দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে একবার বাংলাদেশ এগিয়েছে। আবার স্বাগতিকদের টপকে গিয়েছে নেপাল।
প্রথমার্ধে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। প্রথমার্ধে বাংলাদেশ ও নেপালের সমান ২৪ পয়েন্ট ছিল।
দ্বিতীয়ার্ধে একসময় দুই দলের স্কোর হয় ৩৮। সেখান থেকে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল। চাপে পড়ে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে আবার সমতায় ফেরে মিজানরা। ম্যাচের যখন এক মিনিট বাকি তখন ৪২ পয়েন্ট নিয়ে দুই দল সমতায়।
কিন্তু ৪৫-৪২ পয়েন্টে ম্যাচ জিতে শেষ হাসিটা নেপালের। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার।
প্রথম ম্যাচে নেপালকে ৫৩-২৯ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় হবে সিরিজের তৃতীয় ম্যাচ।