সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৭

সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৭ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের হেমায়েতপুর নালিয়াশুর এলাকার নোয়াব আলীর বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জিসান (২০) সোলেমান (১৮), শিল্পী (৪০) তার ছেলে সজীব (৭), হালিমা আক্তার (৪০), আমেনা বেগম (৬০) সুজাত মোল্লা (২৭)। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, তারা সবাই আত্মীয়-স্বজন।

জানা যায়, সন্ধ্যায় বাড়িতে আসা অতিথিদের বিদায় জানাতে পরিবারের সদস্যরা বাইরে যায়। এসময় তালাবদ্ধ একটি কক্ষ থেকে গ্যাসের গন্ধ পান স্থানীয়রা। কিছুক্ষণ পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটলে আশপাশে থাকা শিশু-নারীসহ ৭ জন অগ্নিদগ্ধ হন। এসময় প্রতিবেশীরা দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার পলাশ বলেন, সাভারের হেমায়েতপুর থেকে নারী ও শিশুসহ অগ্নিদগ্ধ ৭ জনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।