‘রমজানে বাড়বে না নিত্যপণ্যের দাম’

আসন্ন রমজানে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ আহমেদ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা বোর্ড এর ৬৫তম সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

এসময় তিনি বলেন, সরকার চাল-ডাল আমদানি ও মজুদ করে রেখেছে। পাশাপাশি বাজার মনিটরিংও করা হবে। কোনো ব্যবসায়ী যেন খাদ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে।

অর্থ উপদেষ্টা এসময় বলেন, আমাদের গ্যাস এ্যানার্জি রেগুলেটর পর্যাপ্ত রয়েছে। তাই লোডশেডিং হওয়ার সম্ভাবনাও অনেক কম।

এসময় মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।