প্রধান উপদেষ্টার একান্ত সহকারী সচিবের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

উপাচার্যের অপসারণসহ ছয় দফা দাবি নিয়ে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহকারী একান্ত সচিব (এপিএস) শাব্বীর আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। তারা জানান, ইতিবাচক সাড়া পাওয়ায় তারা আপাতত কোনো কর্মসূচি করবেন না। তবে দাবি বাস্তবায়নের বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

গতকাল রবিবার বেলা ৩টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক  প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এসব কথা জানান।

তারা বলেন, কুয়েটের পাঁচটি বর্ষের ১৬টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বাক্ষরসহ প্রধান উপদেষ্টার পক্ষে তার সহকারী একান্ত সচিবের কাছে আমাদের ছয় দফা দাবি হস্তান্তর করেছি। তিনি আমাদের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। কুয়েট উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, উপ-উপাচার্য প্রফেসর ড. শরিফুল ইসলামের অপসারণ ও তাদের জায়গায় নতুন নিয়োগসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছিলেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ৮টায় দুটি বাসে করে ৮০ শিক্ষার্থী ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল। এদিকে কুয়েটের অনাকাক্সিক্ষত ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও চিকিৎসাধীন অবস্থায় ৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন সদর দপ্তর (কেএমপি)  ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি।