ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন দেশে স্বস্তি ফিরে আসে ঠিক তখনই নিজের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন পদ স্থগিত হওয়া বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন। তিনি বলেন, একজন নারীকে রাজপথে প্রতিযোগিতা করে উঠে আসতে হয়। সেখানে আনুপাতিক হারে খুব অল্পসংখ্যক নারীই রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন। তিনি সেই ভাগ্যবানদের একজন একেবারে তৃণমূল থেকে উঠে এসেছেন। আজকের বিলকিস জাহান শিরীন হতে পেরেছেন। কিন্তু আজ যেখানে সবাই মিলে তাকে সহযোগিতা করার কথা, পাশে থাকার কথা সেখানে কিছু মানুষ তার ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে।
গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিলকিস জাহান শিরীন। আওয়ামী লীগ সরকার পতনের ছয় দিনের ব্যবধানে ১১ আগস্ট দলের সব পদপদবি স্থগিত করা হয় তার। একটি গণমাধ্যমে ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরীনের’ শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে তার পদ স্থগিত করা হয়। এরপর ধারাবাহিকভাবে একই গণমাধ্যমে তার বিরুদ্ধে আরও অনেক সংবাদ প্রকাশ করা হয়।
শিরীন বলেন, পুকুর দখল কথাটি মিথ্যা ও বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। ৭০ বছর আগে ক্রয়সূত্রে তার দাদা এ জমির মালিকানায় ভোগদখল করে আসছিলেন।