মাদকের টাকার জন্য চলন্ত বাসে ডাকাতি বলছে পুলিশ

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় জড়িত ব্যক্তিরা মাদকাসক্ত। মাদক কেনার টাকা জোগাড় করতেই টাঙ্গাইলের চলন্ত বাসে ডাকাতিতে অংশ নেয়। বাস থেকে লুট করা একটি মোবাইল ফোন সেটের বিনিময়ে গাঁজা নেয়। ওই গাঁজা বিক্রেতার সূত্র ধরেই সন্ধান মেলে ডাকাত চক্রের সদস্যদের। পরে পুলিশ অভিযান চালিয়ে সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ তথ্যগুলো জানিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিরা অতিমাত্রায় মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে তারা সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি, ছিনতাই ও নানা অপকর্ম করে থাকেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আহসানুজ্জামান বলেন, বাসে ডাকাতির সময় নারী যাত্রীদের ধর্ষিত হওয়ার ঘটনা ঘটেনি। তবে নারী যাত্রীরা শ্লীলতাহানির শিকার হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য যাদের শনাক্ত করা গেছে, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।