এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত

নারায়ণগঞ্জে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন ও রাফি নামে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরে মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে। নিহত তুহিন ও রাফি এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কাঁচপুর মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসারে মেরামত কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও কন্যা দগ্ধ : সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ বছরের শিশুকন্যাসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ ম-লের মালিকানাধীন দোতলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন মাগুরা জেলার মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (৫)। এদের মধ্যে জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় এবং তার স্ত্রী একটি চামড়াজাত পণ্যের কারখানায় চাকরি করেন। রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করতেন পরিবারটি।