শংকরে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় একদল ব্যক্তির সশস্ত্র মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন যে, মহল্লায় ডাকাত দল ঢুকেছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এ মহড়া দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র দলটি আশপাশের দোকানগুলোতে ভয়ভীতি দেখাচ্ছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় ১০ মিনিট অবস্থানের পর সশস্ত্র দলটি এলাকা ছাড়ে। এ সময় আতঙ্কিত হয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সতর্কতা বার্তা প্রচার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যায়, এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চান।

তবে অস্ত্রধারীরা কোথাও কোনো হামলা চালায়নি বা কাউকে আঘাত করেনি। তারা কিছুক্ষণ অবস্থান করে পরে রায়েরবাজারের দিকে চলে যায়।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘মোহাম্মদপুরের দিক থেকে আসা ১০-১২ জন লোক আলী হোসেন স্কুলের সামনে উপস্থিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মাইকিং শুরু করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দলটি চলে যায়। প্রাথমিকভাবে দুষ্কৃতকারীদের পরিচয় জানা যায়নি।  এটি অস্ত্র প্রদর্শনের উদ্দেশ্যে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’