আমীর খসরু

কিছু ছাত্রনেতার কথায় মনে হয় তারা আন্দোলন হাইজ্যাক করেছেন

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর মাহমুদ খসরু চৌধুরী বলেছেন, আবার নতুন বয়ান শুরু হয়েছে। এই বয়ানে ১৬ বছরের কথা নাই, ৩৬ দিনে বিএনপি নেতা-কর্মীদের অবদানের কথা নাই। কিছু ছাত্রনেতার কথাবার্তায় মনে হয় তারা আন্দোলনটা হাইজ্যাক করে নিয়ে গেছে। কিন্তু আমরা এ আন্দোলনকে হাইজ্যাক করতে চাই না। আমরা এখনো বলছি এ আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। পৌর মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে তিনি বিকেল ৫টার দিকে বক্তব্য রাখেন।

আমীর খসরু বলেন, জুলাই-আগস্টে ৩৬ দিনের আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি নেতাকর্মীরা। শেখ হাসিনার পতনের পেছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। 

বর্তমান সরকারের কাছে নিজের কোনো প্রত্যাশা নেই জানিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের কাছে জবাবদিহি আছে এমন রাজনৈতিক সরকার দরকার। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন সব কিছু ক্রমান্বয়ে সহিষ্ণু অবস্থায় ফিরে আসবে।

তিনি বলেন, বর্তমান সরকার আমাদের সমর্থিত সরকার। তারা যদি নিরপেক্ষতা হারায়, বিশ্বাস হারায় তাহলে এ দায় তাদের নিতে হবে। বিএনপির যারা লড়াই সংগ্রাম করেছিল তারা কিন্তু এখনো ঘরে ফিরে যায়নি। এ সময় তিনি তারেক রহমান ৬০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছেন বলে জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহমুদ শ্যামল, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ। সঞ্চলনায় ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন সায়েদুল হক সাঈদ, মো. তকদির হোসেন, হাফিজুর রহমান মোল্লা, মেহেদী হাসান পলাশ, মো. জয়নাল আবেদীন, আলমগীর মিয়া প্রমুখ।