নতুন রাজনৈতিক দলের ঘোষণা ২৮ ফেব্রুয়ারি: সারজিস

আত্মপ্রকাশ হতে যাচ্ছে জুলাই-আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে এ দলের ঘোষণা দেওয়া হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম বলেন, ‘আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই।’

এই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানান তিনি।