বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা। তরুণদের মধ্যে এই বাইক ব্র্যান্ডটি নিয়ে রয়েছে আলাদা উন্মাদনা। ইয়ামাহার বাইকের ব্যাপক চাহিদার পাশাপাশি এর অফিসিয়াল এ্যাপারেলও অনেক জনপ্রিয়। বাংলাদেশে ইয়ামাহার অফিসিয়াল এ্যাপারেল পোশাক সহজলভ্য না হওয়ায় অনেক ক্রেতাই দেশের বাইরে থেকে এগুলো সংগ্রহ করতো। তবে ইয়ামাহা ভক্তদের জন্য এখন থেকে বাংলাদেশেই ইয়ামাহা অফিসিয়াল এ্যাপারেল পণ্য পাওয়া যাবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর এসিআই সেন্টারে ইয়ামাহা অফিসিয়াল এ্যাপারেল পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জাপানের ইয়ামাহা করপোরেশনের সঙ্গে এক্সক্লুসিভ লাইসেন্সিং-এর আওতায় এই ব্যবসা শুরু করা হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশে ইয়ামাহার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস ইয়ামাহা ব্র্যান্ডের অফিসিয়াল জার্সি, জ্যাকেট, ক্যাপসহ বিভিন্ন সেফটি গিয়ার বাজারে বিক্রি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ামাহার এক্সক্লুসিভ পাঁচটি ডিজাইনের টি-শার্ট উন্মোচন করা হয়। যা খুব শীঘ্রই দেশের সকল শো-রুমে পাওয়া যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস, মি. হেরোশি সেতগাওয়া, ডিরেক্টর, ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলস এবং এসিআই মোটরস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।