ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে বা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অনেক উপদেষ্টাও কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে দুটি সময় বলেছিলেন। একটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর যদি তারা চান যে আমরা আর কিছুদিন থাকি, সে ক্ষেত্রে উনি (প্রধান উপদেষ্টা) বলেছিলেন ২০২৬ সালের প্রথমার্ধে হবে। কিন্তু এখানে একটি বাস্তব বিষয় হলো, এপ্রিল মাস থেকে কালবৈশাখী এবং ঝড়বৃষ্টির সময় শুরু হয়ে যায়। এপ্রিলের পর আবার জুনে বর্ষা শুরু হয়ে যায়। ফলে ওই তিনটি মাস নির্বাচনের জন্য অতটা উপযোগী না।
এ সময় প্রেসসচিব আরও বলেন, সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইল পদ্ধতি চালুর নির্দেশনা করেন।
এ ছাড়া সব প্রকল্পে তৃতীয় পক্ষের লোকজন দিয়ে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সেক্রেটারি।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।