কারখানার সামনে থেকে তুলে নিয়ে নারীশ্রমিককে হত্যা

সাভারের আশুলিয়ায় এক নারী শ্রমিককে কারখানার সামনে থেকে তুলে নিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম সুবর্ণা আক্তার (৩৫)। গতকাল সোমবার সকালে তানজিলা টেক্সটাইল লিমিটেড নামে এক কারখানার পাশ থেকে তার লাশ উদ্ধার করে শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত রবিবার রাত তিনটার দিকে কারখানা থেকে বের হওয়ার সময় একটি অটোরিক্সায় ৩ নারী শ্রমিককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সুবর্ণা আক্তার নামে ওই নারী শ্রমিককে হত্যা করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই নারী শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ বলছে, সুবর্ণা কীভাবে নিহত হয়েছেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত নারী শ্রমিক সুবর্ণা আক্তারের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ বলে জানা গেছে। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় স্বামী সুমনের সঙ্গে সন্তান নিয়ে থাকতেন। কবিপুর এলাকার তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার ফিনিশিং শাখায় কিউসি পদে চাকুির করতেন।

এদিকে গতকাল সকাল থেকে আশুলিয়ার তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রাতের ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা ৩ নারী শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর সকালে কারখানার পাশের রাস্তায় সুবর্ণার নিথর দেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। এ সময় তারা লাশ উদ্ধার করে কারখানার সামনে নিয়ে আসে এবং আহত দুই নারী শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কখন কোনো শ্রমিককে ছুটি দেবে তা জানা যায় না। কখনো রাত দুইটায় আবার কখনো রাত তিনটায় ছুটি দেওয়া হয়। কখনো দুই শ্রমিককে আবার কখনো পাঁচ শ্রমিককে ছুটি দেওয়া হয়। কারখানার বেশ কয়েক কর্মকর্তার গাফিলতির কারণে এরকম হচ্ছে। অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তাদের চাকরিচ্যুত করার দাবি জানান শ্রমিকরা।

এদিকে অবরোধের কারণে মহাড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসডক থেকে সরিয়ে দিলে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর শ্রমিকরা লাশ নিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকদের কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সুবর্ণা কীভাবে নিহত হয়েছেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। উত্তেজিত শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ১০টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।