সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন, যা সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর সেনাবাহিনীর এই ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাক্সিক্ষত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মত প্রকাশ করেন।

গত ১৮ ফেব্রুয়ারি সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ ১৭টি দল অংশগ্রহণ করে। ফায়ারিং প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় সৈনিক মো. রাজু সরদার, ১১ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ ফায়ারার, সৈনিক (ওসিইউ) মো. জুবায়ের আলী, ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং লেফটেন্যান্ট সামিয়া রহমান, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নারী ফায়ারার হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া সেনাবাহিনী প্রধান সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা ২০২৪-এর মাইনর ইউনিটগুলোর মধ্যে চ্যাম্পিয়ন অ্যাডহক ৪৭ মর্টার রেজিমেন্ট আর্টিলারি, রানারআপ সদর দপ্তর ১০৫ পদাতিক ব্রিগেড এবং মেজর ইউনিটগুলোর মধ্যে চ্যাম্পিয়ন ১ ইস্ট বেংগল রেজিমেন্ট, রানারআপ ২৯ ইস্ট বেংগল রেজিমেন্ট এবং ব্যক্তিগতভাবে ছয়জন শ্রেষ্ঠ ফায়ারারকে পুরস্কার প্রদান করেন। আইএসপিআর