বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার দুপুরে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দল আয়োজিত সমাবেশে জামায়াতের উদ্দেশ্যে বলেন, ‘যারা একাত্তরের পরবর্তী সময়ে নিষিদ্ধ ছিলেন জিয়াউর রহমানের উদারতার কারণে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। এটা আমরা প্রতিনিয়ত দেখেছি।’
রিজভী বলেন, ‘জনতার মধ্য থেকে জুলাই আন্দোলনে যে রিকশাচালক, ভ্যানচালক মারা গেছেন সরকারের পক্ষ থেকে তাদের তালিকা করে কবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আপনাদের কাউকে তো আসতে দেখলাম না। কিন্তু ক্ষমতার ভাগাভাগি, এবং বিএনপিকে নানা ধরনের অভিযোগে আক্রান্ত করা দেখছি আকছার।’
তিনি বলেন, ‘ছাত্রশিবির বলে ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছে। কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। ছাত্রশিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি, ছাত্রশিবিরের এখনকার অনেক নেতা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে অনেক পদ-পদবিও পেয়েছেন। অনেকেই ছাত্রশিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ। এগুলোর তো অনেক প্রমাণ অনেক তালিকা অনেক নাম আমাদের কাছে আছে। কীসের জন্য এসব কথা বলে আজ গণতান্ত্রিক শক্তির মধ্যে এই বিভাজন তৈরি করছেন?’এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়া সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে যুবদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ‘জাতীয়তাবাদী যুবদল স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না।