প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল সোমবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এদিকে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।