দীর্ঘতম ইন্টারনেট কেবল বসাবে মেটা

মেটা তিন মহাসাগরের তলদেশ জুড়ে ৫০ হাজার কিলোমিটার দীর্ঘ সাব সি কেবল নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। কোম্পানিটি বলেছে, যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও অন্যান্য অঞ্চলের মধ্যে সংযোগ তৈরি করবে ‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’ নামের এই প্রকল্প। কাজ শেষ হলে এটিই হবে বিশে^র দীর্ঘতম ‘আন্ডারওয়াটার কেবল’ বা পানির নিচে ডেটা সংযোগ প্রকল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও অন্যান্য প্রযুক্তিতে নিজেদের কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ এ প্রযুক্তি সমর্থক অবকাঠামো রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

মেটা বলেছে, তাদের নতুন এই কেবল প্রকল্পটি এ শিল্পে নেতৃত্ব দেওয়া এমন এক অবকাঠামো হবে, যা পাঁচটি প্রধান মহাদেশকে সংযুক্ত করবে। পাশাপাশি কোম্পানিটির বিভিন্ন এআই প্রকল্পকেও সহায়তা দেবে এটি। ‘বড় পরিসরে অর্থনৈতিক সহযোগিতা ও ডিজিটাল অন্তর্ভুক্তি সহজতর করবে এই প্রকল্প। এসব অঞ্চলে প্রযুক্তিগত উন্নয়নের দ্বারও খুলে দেবে এটি,’ এক ব্লগ পোস্টে বলেছে মেটা।

কোম্পানিটি বলেছে, এ যাবৎকালের দীর্ঘতম এই সাব সি কেবলে ২৪ ফাইবার পেয়ার সিস্টেম ব্যবহার করবে মেটা। জাপানের এনইসি করপোরেশন যে ২৪ ফাইবার পেয়ার সিস্টেম তৈরি করেছে তাতে ২৪ জোড়া ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয়। এতে প্রতি জোড়া কেবলের মধ্য দিয়ে ৩০টি ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে সেকেন্ডে ২০ টেরাবিট ডেটা পাঠানো যায়। এর ফলে ২৪ জোড়ার মোট ডেটা পাঠানোর ক্ষমতা হয় সেকেন্ডে ৪৮০ টেরাবিট।

বিবিসি লিখেছে, সমুদ্রের নিচের বিভিন্ন সাব সি কেবল ক্রমাগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা পাওয়া ও দ্রুতগতিতে বিশ্ব জুড়ে ডেটা স্থানান্তরে সবচেয়ে উপযোগী এগুলো। পরিসংখ্যান বলছে, বিশ্বের ৯৫ শতাংশেরও বেশি ইন্টারনেট ট্রাফিক স্থানান্তরিত হয় সমুদ্রের তলদেশের কেবলের মাধ্যমে। টেলিযোগাযোগ বাজার গবেষণা কোম্পানি ‘টেলিজিওগ্রাফি’ অনুসারে, বর্তমানে গোটা বিশ্বে রয়েছে ছয়শটিরও বেশি সাব সি কেবল সিস্টেম।

এর মধ্যে রয়েছে ‘২আফ্রিকা’ কেবল, যা মেটা ও ‘অরেঞ্জ’, ‘ভোডাফোন’ এবং ‘চায়না মোবাইল’-এর মতো মোবাইল নেটওয়ার্ক অপারেটর পরিচালন করে। কেবলটি তিনটি মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং এর দৈর্ঘ্য ৪৫ হাজার কিলোমিটার। ওয়েব পরিষেবার প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করা বিভিন্ন প্রযুক্তি কোম্পানি কেবল অবকাঠামোতে বিশাল বিনিয়োগ করছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। গুগল বলেছে, ২০২৪ সালে আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে সংযোগ করবে এমন প্রথম সাব সি কেবল বসাবে তারা। প্রশান্ত মহাসাগরে দুটি নতুন সাব সি কেবল তৈরির মাধ্যমে জাপানের সঙ্গে সংযোগ বাড়াতে একশ কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দিয়েছে কোম্পানিটি।